ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ঝালকাঠিতে ফৌজদারী মামলাঃ অত্যাসন্ন নির্বাচন ঘিরে অভিযোগ এর সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

গত ৪ঠা জানুয়ারী ধর্ম অবমাননার অভিযোগে ঝালকাঠি জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালতে ১৯ জন আসামীর বিরূদ্ধে মামলা জারি করা হয়েছে আজ। আদালত হতে সমর্থিত সূত্রে জানা গেছে ঝালকাঠির নজীর আহম্মদ বাদী হয়ে এথিস্ট ইন বাংলাদেশে নামক এক ওয়েবপেইজে প্রকাশিত ধর্ম-অবমাননামূলক বিবিধ লিখাকে কেন্দ্র করে এই মামলা জারি করেন। মামলাটি জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত এর সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট নওরীন কবির মামলার অভিযোগের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযোগটি আমলে নেন। মামলাটির নম্বর  সি.আর. – ০৩/২০২৬।মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৮ ও ৩৪ ধারার অধীনে গৃহীত হয়।

এথিস্ট নোটের প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ মামলার অন্য আসামীরা হলেন – গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রাহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রুমানা পারভীন, আব্দুল্লাহ আল হোসাইন, এম ডি যোবায়ের হোসেন, মোহাম্মদ আল মামুর, সৈয়দ আরিফ মাসুদ, এবং হামজা রহমান অন্তর।

মামলাটি তদন্তের জন্যে ঝালকাঠির রাজাপুর থানার গোয়েন্দা শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরবর্তী শুনানী আগামী ৫ই মার্চ ২০২৬। রাজাপুর থানার অফিসার ইন চার্জ মোঃ ইসমাইল হোসেন এ-ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার জানিয়ে বলেন, “এটি তদন্তাধীন একটি ব্যাপার। এ-ব্যাপারে তদন্তকালীন অবস্থায় মন্তব্য করা সমীচিন নয়। আমরা এ-ধরণের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি।”

এথিস্ট ইন বাংলাদেশ এর সাথে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।